ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গিয়েছিল একটি গৃহস্থের বাড়ি। শনিবার বিকাল ৪টা নাগাদ ঘটনাটি ঘটে মালদার বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চর সুজাপুর ধরনিমণ্ডল টোলা এলাকায়। এই ভয়াবহ অগ্নিকান্ডে ওই গৃহস্থ বাড়ির কন্যা সন্তানের মৃত্যু হয়। রবিবারে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে অগ্নিকান্ডে ভস্মীভূত পরিবারের পাশে দাঁড়াল মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দুর্গেশ চন্দ্র সরকার, কালিয়াচক ৩ নং ব্লকের যুব তৃণমূল সভাপতি সঞ্জয় সরকার সহ অন্যান্যরা। ওই অগ্নিকান্ডে ভস্মীভূত পরিবারে ৫টি ত্রিপল, ৫০০ কেজি চাল, ৫০ কেজি আলু, ২৫ কেজি চিরে, ৫ কেজি গুর ও মুড়ি সহ টাকা তুলে দিয়ে সহয়তা করল তারা। এর পাশাপাশি ওই ক্ষতিগ্রস্থ পরিবারকে বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের কর্তা মন্টু মণ্ডল জানান, বাড়িতে মজুত করা ছিল পাট। শনিবার বিকাল ৪টা নাগাদ মন্টুবাবুর স্ত্রী রান্না চাপিয়ে ঘরে চাল আনতে যায় এবং তৎক্ষণাৎ রান্নার উননের আগুন লাগে ওই পাটে। সেখান থেকে ঘরে থাকা মোটরবাইকে আগুন লেগে ব্লাস্ট হয়ে যায় মোটর বাইকটি। কোন রকমে তার স্ত্রী ঘর থেকে ছেলেকে নিয়ে পালিয়ে যায়, ঘরে শুয়ে থাকা ৬ মাসের কন্যা সিতি মণ্ডল ওই ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে মারা যায়। বাড়িতে থাকা ১৫ হাজার টাকা, পাট, ধান, গম, কলাই পুড়ে ভস্মীভূত হয়ে যায় আগুনের শিখায়। মন্টুবাবু তার কন্যা সন্তানকে আর ফিরে পাবেন না, কিন্তু তার যে সমগ্র দিক থেকে ক্ষতি হয়েছে, তার সরকারি সহায়তা আশা করছেন মন্টুবাবু।
মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দুর্গেশ চন্দ্র সরকার জানান, ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হওয়া এই গৃহস্থের বাড়ি তৈরির জন্য মালদা জেলার ডি এম-এর কাছে আবেদন করবেন।